মঙ্গলবার, জুন ২ ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিজ্ঞাপনে মিথ্যা তথ্য: কাদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে আইফোন?

নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের মোট ২৫ কোটি ডলার বা প্রায় ৩০৭৫ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে) ক্ষতিপূরণ দেবে অ্যাপল। বিজ্ঞাপনে নিজেদের ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র সক্ষমতা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার কারণে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। সিরির কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য সম্পর্কে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে করা একটি মামলা নিষ্পত্তির জন্য ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

 

মার্কিন ভোক্তাদের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের প্রচার করা বিজ্ঞাপনে ‘সিরি’র একাধিক সক্ষমতা তুলে ধরা হলেও সেগুলোর অস্তিত্ব নেই। এর ফলে ক্রেতারা মিথ্যা বিজ্ঞাপনের ভিত্তিতে আইফোন কিনতে প্ররোচিত হয়েছেন।

 

অ্যাপলের এই ক্ষতিপূরণের অর্থ ২০২৪ সালের ১০ জুন থেকে গত বছরের ২৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স কিনলে পাওয়া যাবে। আদালতের নথি অনুযায়ী, আনুমানিক ৩ কোটি ৭০ লাখ আইফোনের ক্রেতা এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। তবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতারদের অর্থ দাবি করতে হবে। এ বিষয়ে ৪৫ দিনের মধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করতে হবে অ্যাপলকে।

 

অ্যাপলের নতুন এআইচালিত প্রযুক্তির বিপণন কার্যক্রমের অংশ হিসেবে ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে একটি বিজ্ঞাপন গত বছরের সেপ্টেম্বর থেকে প্রচার করা হয়। বিজ্ঞাপনে আইফোন ১৬ প্রদর্শন করা হয়েছিল এবং সিরির এমন সব উন্নত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছিল, যা তখনো উন্মুক্ত করা হয়নি। কয়েক মাস পরে, অ্যাপল স্বীকার করে যে প্রতিশ্রুত হালনাগাদ প্রযুক্তির সিরি প্রত্যাশা অনুযায়ী শিগগিরই চালু করা হবে না। -ডেইলি মেইল

 

ক.ম/ 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ